
মোঃ পলাশ শেখঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীবেষ্টিত পূর্ব পাড়ের ছয়টি ইউনিয়নের প্রায় দুই লক্ষাধিক সুবিধাবঞ্চিত মানুষের দীর্ঘদিনের ন্যায্য দাবি—নতুন প্রস্তাবিত “যমুনা” উপজেলা দ্রুত ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ী ফ্লাড সেন্টার বাজার এলাকায় “যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ”–এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, যমুনা নদী দ্বারা বিচ্ছিন্ন ছয়টি ইউনিয়নের মানুষ প্রতিনিয়ত যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা ও প্রশাসনিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলা সদর থেকে দীর্ঘ দূরত্ব এবং ঝুঁকিপূর্ণ নদী পারাপারের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে রোগী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের দুর্ভোগ সীমাহীন।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে নতুন “যমুনা” উপজেলা গঠনের যৌক্তিক দাবি জানানো হলেও প্রশাসনিক পর্যায়ে অযৌক্তিক বিলম্ব দেখা যাচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, প্রায় দুই লক্ষাধিক মানুষ তাদের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না। দাবি আদায়ে তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে প্রস্তুত রয়েছেন।
বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে “যমুনা” উপজেলা ঘোষণা ও বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এ দাবি কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়; এটি যমুনা নদীবেষ্টিত অঞ্চলের মানুষের দীর্ঘদিনের মানবিক ও যৌক্তিক অধিকার।
Leave a Reply