
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ব্যাপক পরিচিতি ও মানুষের আস্থা অর্জন করেছে সংগঠনটি। মা ও মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা এবং জন্মস্থানের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে ২০২২ সালে মায়ের স্মৃতিকে অমর করে রাখতে রাবেয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।
প্রতিষ্ঠার পর থেকেই অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নানা সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে ফাউন্ডেশনটি। স্বল্প সময়ের মধ্যেই বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটি।
রাবেয়া ফাউন্ডেশনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো অসহায় মানুষকে শুধু সহায়তা দেওয়া নয়, বরং তাঁদের স্বাবলম্বী করে গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে বিধবা ও অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হচ্ছে। এসব সহায়তার মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে সংগঠনটি।
পাশাপাশি চলাচলে অক্ষম ব্যক্তিদের হুইলচেয়ার প্রদান, অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসাসহায়তা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং পবিত্র ঈদ উপলক্ষে দরিদ্র পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণসহ বছরজুড়েই পরিচালিত হচ্ছে বিভিন্ন মানবিক কার্যক্রম।
একটি শিক্ষিত, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেও কাজ করছে রাবেয়া ফাউন্ডেশন। মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে নিয়মিত শিক্ষা বৃত্তি প্রদান করছে সংগঠনটি। এর ফলে আর্থিক সংকটের কারণে পড়াশোনায় পিছিয়ে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীরা নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছে।
অন্যদিকে যুব ও ছাত্রসমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে বিভিন্ন ক্রীড়াসামগ্রী বিতরণ করা হচ্ছে। তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতেও রয়েছে ফাউন্ডেশনের নানা উদ্যোগ।
মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নেও অবদান রেখে চলেছে রাবেয়া ফাউন্ডেশন। সিরাজগঞ্জ ও বগুড়াসহ বিভিন্ন এলাকার একাধিক মসজিদ ও মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদানের পাশাপাশি এসি, জেনারেটর, শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় আসবাবপত্র বিতরণ করে আসছে প্রতিষ্ঠানটি।
এসব সহযোগিতার মাধ্যমে ধর্মীয় শিক্ষার প্রসার, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখছে ফাউন্ডেশনটি।
রাবেয়া ফাউন্ডেশনের ধারাবাহিক মানবিক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধন লাভ করে সংগঠনটি। সরকারি এ নিবন্ধন প্রতিষ্ঠানটির কার্যক্রমে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় করেছে।
রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে সংগঠনের সদস্যরা নিজেদের শ্রম, সময় ও আন্তরিকতা দিয়ে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় কাজিপুরের প্রত্যন্ত চরাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে মানবিক সহায়তা।
সংগঠনটির মূল লক্ষ্য শুধু তাৎক্ষণিক সহায়তা প্রদানেই সীমাবদ্ধ নয়; বরং অসহায় পরিবারকে স্বাবলম্বী করা, শিক্ষার সুযোগ সম্প্রসারণ, চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা।
আগামী দিনে কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করে বৃহত্তর জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে চায় রাবেয়া ফাউন্ডেশন। যমুনার দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক সমাজ বিনির্মাণে সংগঠনটির এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। মানবতার সেবায় রাবেয়া ফাউন্ডেশনের এই পথচলা আগামী দিনেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা স্থানীয় মানুষের।
Leave a Reply