
সিরাজগঞ্জের কাজিপুরে সমাজসেবামূলক সংগঠন রাবেয়া ফাউন্ডেশন ও ভয়েস অব কাজিপুরের প্রধান উপদেষ্টা প্রকৌশলী সাখাওয়াত হোসেনের উদ্যোগে প্রায় ১২০০ রোজাদারদের সম্মানে এক বিশাল ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩রা মার্চ (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী বাংলাবাজার মার্কায মসজিদ প্রাঙ্গণে এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাজারো মানুষ মসজিদ প্রাঙ্গণে সমবেত হতে থাকেন, তখন পুরো পরিবেশে ছড়িয়ে পড়ে এক অনাবিল প্রশান্তি ও আধ্যাত্মিক আবহ।
এই আয়োজন শুধু একটি ইফতার মাহফিল ছিল না; এটি ছিল ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক বন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
স্থানীয়ভাবে ‘প্রচারবিমুখ মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত প্রকৌশলী সাখাওয়াত হোসেন দীর্ঘদিন ধরেই নীরবে-নিভৃতে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। ব্যক্তিগত শোককে শক্তিতে রূপান্তর করে তিনি যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন, তা উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে গেছে গভীরভাবে।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল তাঁর সদ্যপ্রয়াত কন্যা শোয়াইবা শার্লিনের অকালপ্রয়াণে আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। সন্তানের মৃত্যু যে কত বড় বেদনা, তা ভাষায় প্রকাশ করা কঠিন। কিন্তু সেই অসীম শোককে বুকে ধারণ করেও তিনি বেছে নিয়েছেন মানুষের মাঝে ভালোবাসা বিলিয়ে দেওয়ার পথ। ইফতার মাহফিলের আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিশেষ মোনাজাতে শোয়াইবা শার্লিনের আত্মার শান্তি কামনা করা হয় এবং মহান আল্লাহর দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করা হয়। মোনাজাতের সময় পুরো মসজিদ প্রাঙ্গণ নিস্তব্ধ হয়ে যায়; অনেকের চোখে দেখা যায় অশ্রু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রাজনীতিবিদ, সমাজকর্মী, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, ব্যবসায়ী এবং এলাকার গুণীজনদের পাশাপাশি সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এটি যেন হয়ে ওঠে সাম্যের এক চিত্র—যেখানে ধনী-গরিব, বড়-ছোট, দল-মত নির্বিশেষে সবাই একই কাতারে বসে ইফতার গ্রহণ করেন। এমন দৃশ্য আমাদের সামাজিক বন্ধনের শক্তিকে নতুন করে মনে করিয়ে দেয়।
Leave a Reply